শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ঢাকা

‘জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষির উৎপাদন দ্বিগুণ করতে হবে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২২, ০৭:২৫ পিএম

শেয়ার করুন:

‘জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষির উৎপাদন দ্বিগুণ করতে হবে’

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করে ২০৩০ সালের মধ্যে দেশে কৃষির উৎপাদনশীলতা দ্বিগুণ করার মাধ্যমে বর্ধিত খাদ্য উৎপাদনের চ্যালেঞ্জ মোকাবিলার কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন। সেই সঙ্গে তিনি বলেছেন, এ জন্য ফসলের জলবায়ু সহনশীল নতুন জাত উদ্ভাবন, আধুনিক চাষাবাদ পদ্ধতির সম্প্রসারণ ও পরিবেশবান্ধব কৃষি উপকরণের ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ছাড়াও ভ্যালু চেইন উন্নয়নের মতো বিষয়ের ওপর গবেষণায়ও গুরুত্ব দিতে হবে।

সোমবার (১৭ অক্টোবর) দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে কৃষি মন্ত্রণালয় আয়োজিত এক সেমিনারে মন্ত্রী এ কথা বলেন।


বিজ্ঞাপন


বিশ্ব খাদ্য দিবস-২০২২ উদযাপান উপলক্ষে ‘কাউকে পশ্চাতে রেখে নয়, ভালো উৎপাদনে উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন’ শিরোনামে ওই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে পরিবেশমন্ত্রী বলেন, দেশের চাহিদা মিটিয়ে বিদেশে কৃষিপণ্য রফতানির বাজার অনুসন্ধান করতে হবে এবং চাহিদা অনুযায়ী রফতানিযোগ্য কৃষিপণ্য উৎপাদনের সময় গ্যাপ নীতমালা অনুসরণ করতে হবে।

শাহাব উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বে কৃষি ও কৃষকবান্ধব নীতি গ্রহণ এবং বাস্তবায়ন ছাড়াও কৃষির সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সবার ঐকান্তিক প্রচেষ্টায় দেশ আজ দানা শস্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এখন আমাদের পুষ্টিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দিকে বিশেষ মনোযোগ দিতে হবে। এ ক্ষেত্রে বাজারদর ক্রয়ক্ষমতার মধ্যে রাখা, খাদ্যের সুষম বণ্টনসহ সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা যেমন জরুরি, তেমনি সবার পুষ্টি সচেতনতার বিষয়টিও অত্যাবশ্যকীয়।

কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশনের নির্বাহী পরিচালক ডক্টর লরেন্স হাদ্দাদ, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি সাসো মার্টিনো, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার এবং কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মো. বেনজির প্রমুখ বক্তব্য রাখেন।


বিজ্ঞাপন


ডব্লিউএইচ/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর