কৃষিখাতের বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ, সার ব্যবস্থাপনা ও কৃষি সাংবাদিকদের ফেলোশিপসহ বিভিন্ন বিষয়ে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) ও বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরাম (বিএআরএফ)।
সোমবার (২১ সেপ্টেম্বর) এ বিষয়ে রাজধানীর পুরানা পল্টনে বিএফএর কার্যালয়ে দুই সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে একটি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিএফএর সভাপতি মো. মোশাররফ হোসেন এবং বিএআরএফের ফেলোশিপ অ্যান্ড কোলাবোরেশনের আহ্বায়ক মো. ফয়জুল সিদ্দিকী নিজ নিজ সংগঠনের নেতৃত্ব দেন।
সভায় বিএফএর ভাইস প্রেসিডেন্ট মো. মামুনুর রশীদ খান ও পরিচালক মোবারক হোসেন বাচ্চু এবং বিএআরএফের সভাপতি মো. নিজামুল হক, সাধারণ সম্পাদক কাওসার আজম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, অর্থ সম্পাদক নূরে আলম, দপ্তর সম্পাদক ফারুক আহমাদ আরিফ, প্রশিক্ষণ সম্পাদক সাইফুল মাসুম এবং সদস্য শওকত আলী, শাহাদাৎ হোসেন ও ইয়াহিয়া নকীব উপস্থিত ছিলেন।
আলোচনায় কৃষিখাতের বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ, সার ব্যবস্থাপনা, কৃষি সাংবাদিকদের জন্য ফেলোশিপ ব্যবস্থা এবং গোলটেবিল বৈঠক আয়োজনসহ বিভিন্ন বিষয় উঠে আসে।
সভায় কৃষি সাংবাদিকদের জন্য ফেলোশিপ ব্যবস্থা চালু এবং গোলটেবিল বৈঠক আয়োজনসহ বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন ফয়জুল সিদ্দিকী। জবাবে বিএফএর সভাপতি মোশাররফ হোসেন কৃষিখাতের বিভিন্ন বিষয়ে দুই সংগঠনের মধ্যে যৌথভাবে কাজ করার প্রস্তাব দেন।
সভায় কৃষিখাতের উন্নয়ন ও সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
টিএই/এএইচ




