মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ঢাকা

দক্ষিণ এশিয়ায় নিরাপদ পোলট্রি উৎপাদনে নতুন দৃষ্টিভঙ্গি ‘ওয়ান হেলথ’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ জুন ২০২৬, ০৬:১৫ এএম

শেয়ার করুন:

দক্ষিণ এশিয়ায় নিরাপদ পোলট্রি উৎপাদনে নতুন দৃষ্টিভঙ্গি ‘ওয়ান হেলথ’
সংগৃহীত ছবি

পোলট্রি খাতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, রোগের ঝুঁকি কমানো এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় ‘ওয়ান হেলথ’ পদ্ধতিকে কার্যকর সমাধান হিসেবে তুলে ধরেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, মানুষ, প্রাণী ও পরিবেশের স্বাস্থ্যকে সমন্বিতভাবে বিবেচনা করে পরিচালিত এই পদ্ধতি দক্ষিণ এশিয়ায় নিরাপদ ও টেকসই পোলট্রি উৎপাদনের নতুন দৃষ্টিভঙ্গি হিসেবে কাজ করতে পারে।

সোমবার (৮ জুন) ‘ওয়ান হেলথ পদ্ধতির আলোকে নিরাপদ পোলট্রি উৎপাদন’ শীর্ষক আন্তর্জাতিক ওয়েবিনারের আয়োজন করে সার্ক কৃষি কেন্দ্র। ওয়েবিনারে সার্ক অঞ্চলের গবেষক, নীতিনির্ধারক, শিক্ষক, শিক্ষার্থী, বেসরকারি খাতের প্রতিনিধি ও পেশাজীবীরা অংশ নেন।


বিজ্ঞাপন


উদ্বোধনী বক্তব্যে সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. হারুনূর রশীদ বলেন, নিরাপদ পোলট্রি উৎপাদন শুধু খাদ্য নিরাপত্তার বিষয় নয়, এটি জনস্বাস্থ্য ও পরিবেশগত ভারসাম্যের সঙ্গেও নিবিড়ভাবে সম্পর্কিত। প্রাণী, মানুষ ও পরিবেশের স্বাস্থ্যকে একসঙ্গে বিবেচনায় এনে ‘ওয়ান হেলথ’ পদ্ধতি বর্তমান ও ভবিষ্যতের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের কৃষি গবেষণা পরিষদ (আইসিএআর)-এর পোলট্রি গবেষণা অধিদফতরের পোলট্রি নিউট্রিশন বিভাগের প্রধান ড. শ্যাম সুন্দর পাল। তিনি বলেন, পোলট্রি খাতে উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি রোগের ঝুঁকি কমাতে উন্নত জৈবনিরাপত্তা ব্যবস্থা, সুষম পুষ্টি এবং দায়িত্বশীল খামার ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই।

SAARC

সিঙ্গাপুর ফুড এজেন্সির ন্যাশনাল সেন্টার ফর ফুড সায়েন্সের সিনিয়র সায়েন্টিস্ট মিস জিয়াউ ই তান পোলট্রি খাতে খাদ্য নিরাপত্তা ও রোগ প্রতিরোধে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, খাদ্যশৃঙ্খলের প্রতিটি ধাপে ঝুঁকি কমাতে প্রাণিসম্পদ বিশেষজ্ঞ, জনস্বাস্থ্যবিদ এবং খামারিদের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তুলতে হবে।


বিজ্ঞাপন


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সার্ক কৃষি কেন্দ্রের সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (লাইভস্টক) ড. মো. ইউনুস আলী। ওয়েবিনারে সার্ক সদস্য রাষ্ট্রসহ বিভিন্ন দেশের অংশগ্রহণকারীরা যুক্ত হন। অংশগ্রহণকারীরা নিরাপদ ও টেকসই পোলট্রি উৎপাদনে আঞ্চলিক সহযোগিতা জোরদার এবং ‘ওয়ান হেলথ’ পদ্ধতির কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকদের মতে, পোলট্রি খাতের টেকসই উন্নয়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণে সহায়ক ভূমিকা রাখবে।

এএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর