রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পিএম

শেয়ার করুন:

পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী

পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে জনস্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, দেশের সার্বিক কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের অসততা বরদাস্ত করা হবে না।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রাণিসম্পদ খাত নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


প্রতিমন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। পোল্ট্রি খাতে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে এবং ২০৩০ সালের মধ্যে এ খাতকে রফতানিমুখী পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে।

তিনি আরও বলেন, ক্ষুদ্র খামারিদের টিকিয়ে রাখা জরুরি, কারণ তারা না থাকলে বড় খামারিরাও টিকে থাকতে পারবে না। বর্তমানে প্রতি ডিম উৎপাদনে প্রায় ৯ টাকা খরচ হলেও খামারিরা ৭ টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন, অর্থাৎ প্রতিটি ডিমে প্রায় ২ টাকা করে লোকসান হচ্ছে। এ অবস্থায় সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে বলে তিনি আশ্বাস দেন।

ভ্যাকসিন আমদানির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠান এ খাতে কাজ করে থাকে। তাই আমদানিকারকদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি খামারি, ফিড, বাচ্চা উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে ভারসাম্যপূর্ণ ও ন্যায্য পরিস্থিতি নিশ্চিত করতে হবে, যাতে ভোক্তাদের ওপর অতিরিক্ত চাপ না পড়ে।

বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন বলেন, সরকারের দায়িত্ব হলো সার্বিক সহায়তা প্রদান করা এবং এ ক্ষেত্রে শতভাগ সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রি সেন্ট্রাল কাউন্সিলের সভাপতি মসিউর রহমান। আরও বক্তব্য দেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখার সভাপতি শামসুল আরেফিন খালেদ এবং ফিড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের মহাসচিব আনোয়ারুল হক।

সভায় মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, পোল্ট্রি ইন্ডাস্ট্রি সেন্ট্রাল কাউন্সিলের সদস্য এবং খাতসংশ্লিষ্ট খামারিরা উপস্থিত ছিলেন।

এএইচ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর