গাজীপুরে ন্যাশনাল এগ্রিকালচার ট্রেনিং একাডেমিতে (নাটা) সার্ক এগ্রিকালচার সেন্টারের (এসএসি) বুক কর্নার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) কৃষি খাতে আঞ্চলিক জ্ঞান বিনিময় জোরদারে কৃষি জ্ঞানভিত্তিক এই রিসোর্স সেন্টার চালু করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মো. আবদুর রহিম এবং নাটার মহাপরিচালক মো. সাইফুল আজম খান। তারা যৌথভাবে বুক কর্নারের উদ্বোধন করেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে এসএসির পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (লাইভস্টক) ড. মো. ইউনুস আলী, সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট) ড. রাজা উল্লাহ খান, সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (ক্রপস) ড. সিকান্দার খান তানভীর, সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (ফিশারিজ) ড. মো. শরিফুল ইসলাম এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার (পাবলিকেশন) মো. আবুল বাশার প্রমুখ।
নাটার পক্ষে উপস্থিত ছিলেন উপপরিচালক (প্ল্যান্ট প্যাথলজি) ড. সুকল্পা দাস, উপপরিচালক (অ্যাডমিন অ্যান্ড সাপোর্ট সার্ভিস) ড. মো. হুজ্জাতুল ইসলাম, গ্রন্থাগারিক লুপি রহমান, সিনিয়র সহকারী পরিচালক (কৃষি সম্প্রসারণ) মোহাম্মদ আনিসুজ্জামান এবং সিনিয়র সহকারী পরিচালক (হর্টিকালচার ক্রপ ডিজিজ) ড. মুহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকীসহ বিভিন্ন জাতীয় কৃষি গবেষণা ব্যবস্থার কর্মকর্তারা।
বক্তারা বলেন, কৃষি উন্নয়নে সহজপ্রাপ্য ও প্রমাণভিত্তিক জ্ঞানের গুরুত্ব অপরিসীম। মাঠপর্যায়ের সম্প্রসারণ কার্যক্রম ও নীতিমালা বাস্তবায়নে নাটা’র মতো প্রশিক্ষণ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ প্রেক্ষাপটে এসএসি বুক কর্নার প্রশিক্ষক, কর্মকর্তা ও কৃষি পেশাজীবীদের জন্য কার্যকর জ্ঞানভিত্তিক রিসোর্স সেন্টার হিসেবে কাজ করবে।
বুক কর্নারে এসএসির বিভিন্ন প্রকাশনা সংরক্ষিত থাকবে। এর মধ্যে রয়েছে আঞ্চলিক গবেষণালব্ধ ফলাফল, জার্নাল, নীতিনির্ধারণী সংক্ষিপ্তপত্র ও কারিগরি দলিল। ফসল, প্রাণিসম্পদ, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক এসব প্রকাশনা জাতীয় প্রশিক্ষণ প্রতিষ্ঠানে সরাসরি পৌঁছে দেওয়ার মাধ্যমে আঞ্চলিক গবেষণা ও মাঠপর্যায়ের প্রয়োগের মধ্যে সেতুবন্ধন তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে এসএসি ও জাতীয় প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা আরও জোরদার হবে এবং দেশের কৃষিখাত জ্ঞানভিত্তিক ও সহনশীল কাঠামোর দিকে এগিয়ে যাবে।
এএইচ/ক.ম

