গাছের সঠিক বৃদ্ধি, প্রচুর ফলন এবং ফুলের আকার বড় করতে নিয়মিত পরিচর্যা অপরিহার্য। আর এই পরিচর্যার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হলো 'প্রুনিং' (Pruning) বা বৈজ্ঞানিক পদ্ধতিতে ডালপালা ছাঁটাই। তবে সঠিক নিয়ম না মেনে ডালপালা কাটলে হিতে বিপরীত হতে পারে; গাছ মরে যাওয়া থেকে শুরু করে কমে যেতে পারে ফলনও।
ছাঁটাইয়ের সময় বাগান ও খামারিদের যে সাধারণ ভুলগুলো এড়ানো জরুরি, তা নিচে তুলে ধরা হলো-

১. অসময়ে ছাঁটাই এড়িয়ে চলুন
সব গাছের ডালপালা ছাঁটাইয়ের সময় এক নয়। বছরের যেকোনো সময় ডাল কাটলে গাছের ক্ষতি হতে পারে। সাধারণত ফলের গাছের ক্ষেত্রে ফল সংগ্রহের পর ছাঁটাই করা সবচেয়ে নিরাপদ। আবার অনেক ফুলের গাছ শীতের শেষ দিকে ছাঁটলে বসন্তে নতুন কুঁড়ি আসার সুযোগ পায়। মোদ্দা কথা, ফুল বা ফল আসার চক্র বুঝেই কাঁচি চালানো উচিত।
আরও পড়ুন: হাসপাতালের ছাদে ঔষধি গাছের বাগান
২. সঠিক সরঞ্জামের অভাব ও পরিচ্ছন্নতা
অনেকেই হাত দিয়ে ডাল ভেঙে বা ভোঁতা দা-বঁটি দিয়ে গাছ ছাঁটাই করেন, যা গাছের টিস্যুর মারাত্মক ক্ষতি করে। প্রুনিং-এর জন্য সবসময় নির্দিষ্ট ধারালো কাঁচি বা সরঞ্জাম ব্যবহার করা উচিত। ব্যবহারের আগে যন্ত্রটি পরিষ্কার আছে কি না এবং তাতে ছত্রাক লেগে আছে কি না তা নিশ্চিত করতে হবে। অপরিচ্ছন্ন সরঞ্জাম থেকে গাছে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে।

৩. ছাঁটাইয়ের ধরনে সতর্কতা
গাছ অতিরিক্ত মুড়িয়ে ছেঁটে দিলে তা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় বাধা পায় এবং গাছটি মারা যেতে পারে। আবার খুব কম ছাঁটলেও কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায় না। প্রুনিং-এর মূল উদ্দেশ্য হওয়া উচিত গাছকে একটি নির্দিষ্ট কাঠামো দেওয়া এবং অপ্রয়োজনীয় মরা ডাল সরিয়ে বাতাসের প্রবাহ বাড়ানো।

৪. কাটতে হবে নির্দিষ্ট কোণ বরাবর
ডালপালা ছাঁটার সময় কখনোই একদম সোজা সমান্তরালে কাটা ঠিক নয়। ডালটি সবসময় নির্দিষ্ট কোণে বা কিছুটা হেলিয়ে কাটা উচিত। সোজা কাটলে কাটা অংশে বৃষ্টির পানি বা শিশির জমে পচন ধরতে পারে। হেলিয়ে কাটলে পানি গড়িয়ে পড়ে যায়, যা গাছকে রোগমুক্ত রাখে।
এজেড




