বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ঢাকা

জলবায়ু ঝুঁকিতে থাকা প্রান্তিক নারীদের প্রতি সংহতি জানাতে দৌড় আয়োজন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ০৩:৪৫ পিএম

শেয়ার করুন:

জলবায়ু ঝুঁকিতে থাকা প্রান্তিক নারীদের প্রতি সংহতি জানাতে দৌড় আয়োজন
জলবায়ু ঝুঁকিতে থাকা প্রান্তিক নারীদের প্রতি সংহতি জানাতে দৌড় আয়োজন। ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের সবচেয়ে তীব্র অভিঘাত যেখানে, সেই শ্যামনগরের প্রান্তিক নারীদের সংগ্রামকে সম্মান জানাতে আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘রান ফর হার রেজিলিয়েন্স ২০২৫’। 

সামাজিক সংগঠন ব্রাইটার্স এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ উদ্যোগে এবং গ্রিন ক্লাইমেট ফান্ডের জিসিএ প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এই মানবিক দৌড়ে অংশ নেন শতাধিক তরুণ-তরুণী, স্থানীয় নেতা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। স্থানীয়ভাবে আয়োজনের  সহযোগী হিসেবে ছিল ‘জনকল্যাণ সংস্থা’ ও ‘শরুব ইয়ুথ টিম’। 
 
মঙ্গলবার ভোর ৭টায় শ্যামনগর উপজেলা পরিষদ চত্বর থেকে প্রতীকী দৌড়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউএনডিপির হেড অব কমিউনিকেশন আবদুল কাইউম, জিসিএ (জাতীয়) প্রকল্প ব্যবস্থাপক মো. আবদুল হান্নান, শ্যামনগর থানার তদন্ত কর্মকর্তা মো. পেয়ার উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দোলেয়ার হোসেন, হ্যাপি ভেঞ্চারসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হাসান, ব্রাইটার্সের পরিচালক সোহানুর আমিন, যুব প্রতিনিধি জেভা। 


বিজ্ঞাপন


এই প্রতীকী দৌড়ে প্রায় ১০০ জন তরুণ-তরুণী হাতে পানির কলস নিয়ে ৫ কিলোমিটার পথ অতিক্রম করেন। এই প্রতীকী পদযাত্রা শ্যামনগরের সেই বাস্তবতাকে তুলে ধরে যেখানে প্রতিদিন অসংখ্য নারী দূরদূরান্তে হেঁটে নিরাপদ পানি সংগ্রহ করেন।

দৌড়ে অংশ নেওয়া তরুণ অংশগ্রহণকারী আলিফা আক্তার বলেন, ‘আমরা প্রতিদিন যেভাবে পানি ব্যবহার করি, শ্যামনগরের নারীদের জন্য সেই পানি সংগ্রহ করাটাই একটি লড়াই। এই দৌড় আমাকে তাদের সাহস অনুভব করিয়েছে।’ 

Marathon_iii
জলবায়ু ঝুঁকিতে থাকা প্রান্তিক নারীদের প্রতি সংহতি জানাতে দৌড় আয়োজন। ছবি: সংগৃহীত

আরেকজন অংশগ্রহণকারী রিমন হাওলাদার বলেন, ‘জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় বোঝা আজ নারীদের কাঁধেই। তাই তাদের প্রতি সহমর্মিতা দেখাতে আজকের আয়োজনটি অর্থবহ হয়ে উঠেছে।’


বিজ্ঞাপন


উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সমাজের সব স্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। আজকের এই দৌড় প্রান্তিক নারীদের প্রতি সম্মান ও সচেতনতার এক সুন্দর উদাহরণ।’

ইউএনডিপির হেড অব কমিউনিকেশন আবদুল কাইউম বলেন, ‘নারীদের ওপর জলবায়ুর প্রভাব সবচেয়ে বেশি। তাই তাদের সহনশীলতা ও সংগ্রামকে তুলে ধরার জন্য এই আয়োজন অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ।’

ব্রাইটার্সের পরিচালক সোহানুর আমিন বলেন, ‘এই দৌড় শুধু একটি আয়োজন নয়, এটি নারীর অধিকার, নিরাপদ পানির প্রাপ্যতা ও জলবায়ু ন্যায্যতার পক্ষে আমাদের যৌথ প্রতিশ্রুতি।’

আয়োজকরা জানান, নারী ও কন্যাদের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, নিরাপদ পানির অধিকার নিশ্চিতকরণের দাবি জোরালো করা এবং তরুণদের সম্পৃক্ততার একটি স্থায়ী বার্তা দেওয়াই এই ইভেন্টের মূল লক্ষ্য।’

ক.ম/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর