রোববার, ১৭ মে, ২০২৬, ঢাকা

নিম্নচাপ দুর্বল হলেও টানা পাঁচ দিন হতে পারে বৃষ্টি, নতুন লঘুচাপের আভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৬ পিএম

শেয়ার করুন:

নিম্নচাপ দুর্বল হলেও টানা পাঁচ দিন হতে পারে বৃষ্টি, নতুন লঘুচাপের আভাস
নিম্নচাপ দুর্বল হলেও টানা পাঁচ দিন হতে পারে বৃষ্টি, নতুন লঘুচাপের আভাস

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি দুর্বল হয়ে পড়েছে। এটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। তবে এই দুর্বল লঘুচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। পাশাপাশি, আগামী ১ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে আরও একটি নতুন লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন অঞ্চলে অবস্থানরত স্থল নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ভারতের মহারাষ্ট্র এলাকায় অবস্থান করছে। এটি ক্রমে আরও দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে যেতে পারে।


বিজ্ঞাপন


এদিকে মৌসুমি বায়ুর অক্ষ বিস্তৃত রয়েছে সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, ছত্তিশগড়, উড়িষ্যা, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত। মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর দুর্বল এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি সক্রিয় অবস্থায় রয়েছে।

এই আবহাওয়াজনিত পরিস্থিতিতে দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু করে শুক্রবার (৩ অক্টোবর) সকাল পর্যন্ত প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। এর মধ্যে কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে।

সোমবার পর্যন্ত ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু–একটি স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


বিজ্ঞাপন


মঙ্গলবার ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগে দু–একটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে।

শুক্রবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সোম, মঙ্গল ও বুধবার—তিন দিনে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে বৃহস্পতিবার ও শুক্রবার তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে সিলেটে, ৪৯ মিলিমিটার। এছাড়া চাঁদপুরে ২৮, বান্দরবানে ২৬, কুমিল্লায় ১৯, নরসিংদীতে ১৪, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৩ এবং নোয়াখালীর মাইজদীকোর্টে ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, এই বৃষ্টিপাতের প্রবণতা চলতি সপ্তাহে অব্যাহত থাকবে। তবে বর্ধিত পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে।

এইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর